স্কুলে ভর্তিতে নতুন নিয়ম ভাইবোন ও যমজদের বিশেষ কোটা

১১ নভেম্বর ২০২৬ - ১২:২৪ অপরাহ্ণ
 0
স্কুলে ভর্তিতে নতুন নিয়ম ভাইবোন ও যমজদের বিশেষ কোটা

২০২৭ সালে স্কুলে ভর্তিতে ভাইবোন ও যমজদের জন্য বিশেষ কোটা

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় একই পরিবারের ভাইবোনদের একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ সহজ করতে বিশেষ কোটা চালু করা হয়েছে। এতে সহোদর ভাইবোনদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাইবোনদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সুবিধা সর্বোচ্চ তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করে।

নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষার্থীর সহোদর ভাই বা বোন আগে থেকেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে নতুন আবেদনকারীর জন্য ৩ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। একইভাবে যমজ ভাই বা বোনের একজন আগে থেকে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে অন্যজনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের পারিবারিক সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হবে।

ভাইবোন ও যমজদের পাশাপাশি নতুন নীতিমালায় আরও কয়েকটি শ্রেণির শিক্ষার্থীর জন্য কোটা রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এসব কোটায় ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রমাণপত্র ও প্রত্যয়নপত্র জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সনদ যাচাই করেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির কারণে সন্তানদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করলে নতুন কর্মস্থলের কাছাকাছি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে।

তবে কোনো কোটায় উপযুক্ত আবেদনকারী পাওয়া না গেলে সেই আসন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী পূরণ করতে হবে। কেবল কোটার জন্য কোনো আসন খালি রাখা যাবে না।

এদিকে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। যেসব শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে, সেসব শ্রেণির আবেদন ফরম বিদ্যালয়ের কার্যালয় অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। ফরম বিতরণ ও জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময় উল্লেখ করতে হবে এবং কমপক্ষে সাত কর্মদিবস সময় দিতে হবে।

ভর্তি ও অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা, অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা, জেলা শহরে ২ হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানের জন্য ফি আদায়ের ক্ষেত্রে পৃথক নির্দেশনা অনুসরণ করতে হবে।

সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান নির্ধারিত শূন্য আসনের বাইরে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।

ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।