আল্লাহই আমাদের জন্য যথেষ্ট সংকটের মধ্যে আবেগঘন বার্তা অনন্ত জলিলের
‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট’, ব্যবসায়িক সংকটের মধ্যে আবেগঘন বার্তা অনন্ত জলিলের
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর নিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই নিজের জন্য দোয়া করা এবং ইতিবাচক বার্তা দিয়ে পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি টিআরপির জন্য তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের উদ্দেশেও দিয়েছেন বিশেষ বার্তা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ভরসার কথা তুলে ধরেন অনন্ত জলিল।
পোস্টের শুরুতে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ উল্লেখ করেন তিনি। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ যার অর্থ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’
পোস্টে অনন্ত জলিল বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট লিখেছেন এবং ভালো ভিডিও প্রকাশ করে পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে। অন্যদিকে, যারা টিআরপির জন্য তাকে নিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি। তবে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন এই অভিনেতা।
অনন্ত জলিলের এই বার্তা এমন এক সময়ে এলো, যখন তার ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানা নিয়ে নানা আলোচনা চলছে। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়েছে। পাশাপাশি তার কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও তৈরি হয়েছে আলোচনা।
পোস্টের শেষাংশে ‘আমিন’ লিখে সবাইকে ধন্যবাদ জানান অনন্ত জলিল।