জলবায়ু মোকাবিলায় সহযোগিতা চান যুক্তরাজ্যের কাছে প্রধানমন্ত্রীর আহ্বান
জলবায়ু অভিযোজনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং বাংলাদেশের অভিযোজন কার্যক্রম আরও জোরদার করতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও দেশটির সহযোগিতা কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এ সংকট স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ ছাড়া অভিবাসন, মানবিক সংকট মোকাবিলা এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন তারা।
উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।