ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ হচ্ছে
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ ও নদীকেন্দ্রিক পর্যটন গড়ছে সরকার
ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটন উপযোগী করে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন এমন ব্যক্তিদের সঙ্গেও হাঁটেন মন্ত্রী।
তিনি বলেন, নদীর দুই পাশ সংরক্ষণ করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবে কিছু এলাকায় ওয়াকওয়ের সংযোগ অসম্পূর্ণ রয়েছে। এসব মিসিং লিংক দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীর এমনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
নদী ও পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে নৌপরিবহন মন্ত্রী বলেন, মানুষকে নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিআইডব্লিউটিএ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হওয়ার উদ্দেশ্য হলো তাঁদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করার পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, নদীদূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান থেকে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধ করতে পরিবেশ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম চলছে।
মন্ত্রী আরও বলেন, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ সহজ হচ্ছে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও এসব অবকাঠামো ইতিবাচক ভূমিকা রাখছে। যেসব এলাকায় এখনো ওয়াকওয়ে নির্মাণ বাকি রয়েছে, সেগুলোও দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ঢাকার চারপাশের নদীগুলোতে নৌযান চলাচল ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, নদীকে শুধু যাতায়াতের মাধ্যম নয়, পর্যটন ও বিনোদনের আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশনকে সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়কপথের তুলনায় নৌপথে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশ না থাকাই ছিল এর অন্যতম কারণ। তবে বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চলমান পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনের নতুন সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ রবিউল আলম। এতে নগরবাসীর যাতায়াতের বিকল্প ব্যবস্থা তৈরির পাশাপাশি নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার কার্যক্রমও আরও গতিশীল হবে।
বিআইডব্লিউটিএর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহন মন্ত্রী।