অপ্রতিমকে খুঁজতে ছুটেছিলেন ফাহাদ শেষে তিনিই হলেন আসামি!

২১ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:২৪ অপরাহ্ণ
 0
অপ্রতিমকে খুঁজতে ছুটেছিলেন ফাহাদ শেষে তিনিই হলেন আসামি!

ফাহাদই প্রথম জানান তুহিনের কথা, পরে জড়ালেন হত্যাকাণ্ডে

অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ারকে সাইফুল ইসলাম ওরফে তুহিনের বিষয়ে প্রথম তথ্য দেন মোজাম্মেল হোসেন ফাহাদ। শুধু তাই নয়, অপ্রতিমকে খুঁজে বের করতেও পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সহযোগিতা করেন তিনি। এ কারণে শুরুতে ফাহাদকে সন্দেহের বাইরে রেখেছিল পরিবার।

তবে পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে তুহিনকে শনাক্ত করেছিলেন ফাহাদ। পরে তদন্তে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য সামনে আসে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল হাসান আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

অপ্রতিমের বাবা জানান, আইফোন ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করার পাশাপাশি কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন—এটাই তার দাবি।

নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর তদন্তে একে একে তুহিন, ফাহাদ ও কামরুলের সম্পৃক্ততার তথ্য সামনে আসে বলে জানিয়েছে পুলিশ।