অর্থনীতির দুষ্টচক্রে পাকিস্তান ঋণ ও সংকটে বিপর্যস্ত দেশটি
অর্থনীতির দুষ্টচক্রে আটকে পাকিস্তান, বাড়ছে দারিদ্র্য ও ঋণের বোঝা
অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর নানা উদ্যোগ ও প্রচারণা থাকলেও পাকিস্তানের অর্থনীতির মৌলিক সংকট কাটছে না। মাথাপিছু আয় স্থবির, বাড়ছে দারিদ্র্য, কমছে বিনিয়োগ ও রপ্তানি। অন্যদিকে ঋণের বোঝা, বৈদেশিক মুদ্রার সংকট এবং রাজস্ব ঘাটতি দেশটির অর্থনীতিকে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অর্থনীতিকে আইসিইউ থেকে ছাড়া পাওয়া এমন এক রোগীর সঙ্গে তুলনা করা হচ্ছে, যাকে এখনো হাসপাতালের চিকিৎসাধীন থাকতে হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে দেশটির অর্থনীতির এই নাজুক চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে পাকিস্তানের মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি প্রায় শূন্যের কোঠায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ অবস্থান সবচেয়ে খারাপ। আমদানিনির্ভর প্রবৃদ্ধির মাধ্যমে সাময়িক অর্থনৈতিক গতি ফিরলেও তা দীর্ঘমেয়াদি মন্দায় রূপ নিয়েছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বেড়েছে এবং আবারও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর শর্তের ওপর নির্ভর করতে হচ্ছে দেশটিকে।
একসময় মাথাপিছু জিডিপির হিসাবে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশগুলোর মধ্যে থাকলেও এখন পিছিয়ে পড়ার ঝুঁকিতে পাকিস্তান। মানুষের আয় স্থবির হয়ে পড়ায় বাড়ছে দারিদ্র্য। বর্তমানে দেশটিতে চরম দারিদ্র্যের হার ২৩ শতাংশ। ২০১১ সালে ভারতের সঙ্গে পাকিস্তানের চরম দারিদ্র্যের হার প্রায় সমান থাকলেও বর্তমানে পাকিস্তানে এই হার ভারতের তুলনায় প্রায় ১০ গুণ বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিনিয়োগে স্থবিরতা, ভোগব্যয়ে নির্ভর অর্থনীতি
পাকিস্তানের অর্থনীতির দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে দেশটির জিডিপির কাঠামোতেও। মোট দেশজ উৎপাদনের প্রায় ৮২ শতাংশই ভোগব্যয়নির্ভর। বিপরীতে বিনিয়োগের হার মাত্র ১৪ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই দুই সূচকেই পাকিস্তানের অবস্থান সবচেয়ে খারাপ।
অন্যদিকে ভারত ও চীন তাদের জিডিপির ৩০ শতাংশের বেশি বিনিয়োগ করে উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থান বাড়াচ্ছে। পাকিস্তানে দীর্ঘদিন ধরে শিল্প খাতের অবদান জিডিপির প্রায় এক-পঞ্চমাংশে আটকে রয়েছে। বিপরীতে ভারত ও শ্রীলঙ্কায় এই হার প্রায় এক-চতুর্থাংশ এবং বাংলাদেশে এক-তৃতীয়াংশ।
বিশ্লেষণে বলা হয়েছে, দেশীয় পুঁজির যথাযথ ব্যবহার না করে পাকিস্তান বিদেশি বিনিয়োগের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। অথচ বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আসছে, তার বিপরীতে আয়, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির পর্যাপ্ত সুযোগ তৈরি হচ্ছে না।
বরং বিদেশি পুঁজি মূলত অভ্যন্তরীণ খাতগুলোতে বিনিয়োগ হচ্ছে। পরবর্তী সময়ে মুনাফা ও অন্যান্য অর্থ বিদেশে চলে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি স্থানীয় সঞ্চয় ও বিনিয়োগ বাড়ানোর কার্যকর উদ্যোগের অভাবও পুঁজিসংকটকে দীর্ঘায়িত করছে।
রপ্তানি খাতেও পিছিয়ে পাকিস্তান
পাকিস্তানের অর্থনৈতিক সংকটের অন্যতম বড় কারণ দুর্বল রপ্তানি খাত। ১৯৯২ সালে দেশটির জিডিপিতে রপ্তানির অবদান সর্বোচ্চ ১৭ শতাংশে পৌঁছালেও বর্তমানে তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। দক্ষিণ এশিয়ায় এ হার দ্বিতীয় সর্বনিম্ন, এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চেয়েও কম।
শুধু রপ্তানির পরিমাণ নয়, পণ্যের বৈচিত্র্য ও মানের দিক থেকেও পিছিয়ে রয়েছে দেশটি। হার্ভার্ডের ইকোনমিক কমপ্লেক্সিটি ইনডেক্সে ১৪৫টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ৮৯তম। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে পর্যাপ্ত রপ্তানি আয় অর্জন করতে পারছে না দেশটি। এতে আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয় কম থাকছে এবং বাণিজ্য ঘাটতি বাড়ছে।
এই ঘাটতি সামাল দিতে ক্রমেই প্রবাসী আয়ের ওপর নির্ভরতা বাড়ছে। বর্তমানে পাকিস্তানের রেমিট্যান্সের পরিমাণ প্রায় রপ্তানি আয়ের সমান। অথচ ভারত রেমিট্যান্সের তুলনায় রপ্তানি থেকে প্রায় ছয় গুণ বেশি আয় করে।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স সাধারণ মানুষের ভোগব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এটি রপ্তানি খাতের মতো সরাসরি উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান ও কর রাজস্ব বাড়াতে পারে না। ফলে শুধু প্রবাসী আয়ের ওপর নির্ভর করে অর্থনীতির দীর্ঘমেয়াদি ভিত্তি শক্তিশালী করা সম্ভব হচ্ছে না।
রাজস্ব ঘাটতি ও ঋণের বোঝায় চাপে সরকার
দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রভাব পড়েছে পাকিস্তানের সরকারি কোষাগারেও। দেশটির রাজস্ব আয় জিডিপির মাত্র ১১ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার অন্যতম সর্বনিম্ন। কর আদায়ের ক্ষেত্রে সাধারণ চাকরিজীবী ও আনুষ্ঠানিক শিল্প খাতের ওপর বাড়তি চাপ থাকলেও প্রভাবশালী ও সুবিধাভোগী খাতগুলো তুলনামূলকভাবে কম কর দিচ্ছে।
সরকারি ব্যয়ের ক্ষেত্রেও উন্নয়নমূলক কর্মকাণ্ডের চেয়ে পরিচালন ব্যয় বেশি গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষণ অনুযায়ী, কেন্দ্রীয় বাজেটের প্রতি এক টাকার মধ্যে ৯০ পয়সার বেশি ব্যয় হচ্ছে পরিচালন ও অনুৎপাদনশীল খাতে। বিপরীতে উন্নয়ন খাতে বরাদ্দ থাকছে মাত্র পাঁচ পয়সা।
রাজস্ব ও বাণিজ্য ঘাটতি সামাল দিতে সরকারকে ক্রমাগত ঋণ নিতে হচ্ছে। বর্তমানে পাকিস্তানের সরকারি ঋণ ও জিডিপির অনুপাত ৭৩ শতাংশ। তবে ঋণের পরিমাণের চেয়েও বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে সুদ পরিশোধের ব্যয়। বাজেটের বড় অংশ ঋণের সুদ পরিশোধে চলে যাওয়ায় উন্নয়ন ও বিনিয়োগের জন্য অর্থের সংকট তৈরি হচ্ছে।
এমনকি সরকারি ব্যয় ও বিনিয়োগের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে পাকিস্তানকে। আইএমএফের ঋণ এবং বিভিন্ন ধনী রাষ্ট্রের আমানতের ওপর নির্ভরতা দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকেও সংকুচিত করছে।
অর্থনৈতিক সংকটের পেছনে রাজনৈতিক দুর্বলতা
ডনের বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতার পেছনে দেশটির রাজনৈতিক ব্যবস্থারও বড় ভূমিকা রয়েছে। একটি উন্নয়নশীল দেশের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি কার্যকর কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থাও প্রয়োজন। কিন্তু পাকিস্তানের শাসনব্যবস্থা প্রভাবশালী ও সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী হয়ে পড়েছে।
প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, এটি শুধু নেতৃত্বের অদক্ষতার সমস্যা নয়; বরং ক্ষমতাসীন সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ রক্ষার একটি কাঠামোগত সংকট। অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় প্রকৃত সংস্কার হলে এসব গোষ্ঠীর অবৈধ সম্পদ ও ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অতীতের বিভিন্ন শাসনামলেও পাকিস্তানে সাময়িক অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা গেছে। কিন্তু সেসব প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা তৈরি করতে পারেনি। বরং পরবর্তী সময়ে রাজনৈতিক সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতা আরও বেড়েছে।
সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য পরিকল্পনার অভাবের চেয়ে সেগুলো বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছার অভাবই বড় বাধা হিসেবে উঠে এসেছে বিশ্লেষণে। বিনিয়োগ বাড়ানো, রপ্তানি বহুমুখীকরণ, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং উৎপাদনশীল খাতে সরকারি ব্যয় বাড়াতে না পারলে দেশটির অর্থনৈতিক দুষ্টচক্র থেকে বেরিয়ে আসা কঠিন হবে।