বিনামূল্যে এআই প্রশিক্ষণ দৈনিক ভাতা ২০০ টাকা

১৩ নভেম্বর ২০২৬ - ০৯:২৭ পূর্বাহ্ণ
 0
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দৈনিক ভাতা ২০০ টাকা

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০ টাকা

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতার পাশাপাশি খাবারের সুবিধাও পাবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এ প্রকল্পে ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। দুই মাসের এ কোর্সে প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণে আবেদন করতে আগ্রহীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

এ প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রত্যেক অংশগ্রহণকারী দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের দেওয়া হবে সনদপত্র।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করা যাবে www.dydaiproject.com/apply ঠিকানায়। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন সম্পন্ন করার পর ফরমের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।