বিদেশি শিক্ষার্থীদের পরিবারে লাগাম অস্ট্রেলিয়ায় আসছে নতুন নিয়ম

১৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:৩১ পূর্বাহ্ণ
 0
বিদেশি শিক্ষার্থীদের পরিবারে লাগাম অস্ট্রেলিয়ায় আসছে নতুন নিয়ম

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

অভিবাসন কমাতে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের বিধিনিষেধ আনার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। নতুন নিয়ম কার্যকর হলে দেশটিতে পড়াশোনার সময় শিক্ষার্থীরা তাদের স্বামী-স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে থাকার সুযোগ হারাতে পারেন। পাশাপাশি অস্থায়ী অভিবাসীদের ভিসা পরিবর্তনের নিয়মও আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। দেশটির অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের ঘোষণার আগে এসব তথ্য সামনে আসে।

সরকারের লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় নিট বিদেশি অভিবাসন কমিয়ে বছরে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা। বর্তমানে এই সংখ্যা প্রায় ৩ লাখ। ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

বর্তমান নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী, স্ত্রী বা সঙ্গীরা তাদের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকতে ও নির্দিষ্ট শর্তে কাজ করতে পারেন। পাশাপাশি ১৮ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানদেরও অস্ট্রেলিয়ায় নেওয়ার সুযোগ রয়েছে। নতুন পরিকল্পনায় এসব সুবিধার ওপরই বিধিনিষেধ আসতে পারে।

অস্ট্রেলিয়ায় অভিবাসন বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক শিক্ষার্থী, ব্যাকপ্যাকার ও অস্থায়ী দক্ষ কর্মীদের বড় ভূমিকা রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে করোনার সীমান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার পর দেশটিতে অভিবাসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়া বছরে অস্ট্রেলিয়ার নিট বিদেশি অভিবাসন ছিল ৩ লাখ ৬ হাজার। এর অর্ধেকেরও বেশি ছিলেন বিদেশি শিক্ষার্থী। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৪ লাখ ২৯ হাজার। এর আগের বছর ২০২৩ সালে নিট অভিবাসন সর্বোচ্চ ৫ লাখ ১৮ হাজারে পৌঁছেছিল।

তবে গত দুই বছরে অভিবাসনের সংখ্যা কমার প্রবণতা দেখা যাচ্ছে। একই সময়ে অস্ট্রেলিয়ার আবাসন ও অবকাঠামোর ওপর অভিবাসনের চাপ নিয়ে দেশটিতে বিতর্কও চলছে। এসব পরিস্থিতির মধ্যেই বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী অভিবাসীদের নিয়ে নতুন নীতি গ্রহণের পথে এগোচ্ছে অস্ট্রেলিয়া।