১৬০ কিমি গতিতে ছুটবে ট্রেন! ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ১৬০ কিমি গতিতে ছুটবে ইলেকট্রিক ট্রেন
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে এবার ছুটবে ইলেকট্রিক ট্রেন। সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলার সক্ষমতা থাকবে এই কমিউটার ট্রেনের। দেশের রেল যোগাযোগে এটি হতে যাচ্ছে বিদ্যুতায়নের নতুন এক অধ্যায়।
এ জন্য নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটের ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা।
পরিকল্পনা কমিশনের সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি জানান, ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলার উপযোগী ডুয়েলগেজ ট্র্যাকলাইন তৈরি করা হচ্ছে। এর প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে এগিয়েছে। কমিউটার ট্রেনের প্রকল্প শেষ হলে এই রুটে প্রায় ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে।
এদিকে ইলেকট্রিক ট্রেনের পাশাপাশি রাজধানীর পরিবহনব্যবস্থা আধুনিক করতে একনেক সভায় তিনটি মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা।
এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন প্রায় ৪৮ হাজার ২৫৬ কোটি টাকা এবং প্রকল্প ঋণ প্রায় ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫-এর নর্দার্ন ও সাউদার্ন রুটসহ বিভিন্ন সড়ক, রেল ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
রাজধানীর যানজট কমানো এবং দ্রুত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ভূগর্ভস্থ মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।