নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার ছাড়াতে থানায় তদবিরের ভিডিও ভাইরাল
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার, ছাড়াতে থানায় তদবিরের ভিডিও ভাইরাল
নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের পর তাদের ছাড়াতে থানায় তদবিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।
সিরাজগঞ্জের তাড়াশে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মাহমুদুল হাসান শাকিল হোসেন ওরফে ‘সুটার শাকিল’, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আনন্দ ঘোষ এবং যুবলীগের সক্রিয় কর্মী ফারুক মৃধা।
পুলিশ জানায়, সুটার শাকিলের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর আনন্দ ঘোষ ও ফারুক মৃধাকে নাশকতা ও হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যেই গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে ছাড়িয়ে নিতে থানায় তদবিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে কৃষক দলের শ্রী গোপাল চন্দ্র ঘোষ ও উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আশুতোষ স্যানালকে এ বিষয়ে কথা বলতে দেখা যায় বলে জানা গেছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তাড়াশ থানার ওসি মো. ইমাম জাফর বলেন, দুই ব্যক্তি থানায় এসে ফোনে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে কথা বলেছেন। তবে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।