হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা

২ এপ্রিল ২০২৬ - ০৯:৪৩ পূর্বাহ্ণ
 0
হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে হিন্দু সম্প্রদায়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সাক্ষাৎ শেষে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সাংবাদিকদের বলেন, হিন্দু সম্প্রদায়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হলে প্রধানমন্ত্রী তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে জাতীয় জীবনের সবক্ষেত্রে সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি রাখার দাবি তোলা হয়েছে বলেও জানান পরিষদের সাধারণ সম্পাদক।

সন্তোষ শর্মা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।’ তারেক রহমান পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও জানান সন্তোষ শর্মা।