জিন্নাহর চরিত্রে কেঁদেছিলেন হলিউড অভিনেতা ক্রিস্টোফার লি
জিন্নাহ চরিত্রে শুটিংয়ের সময় কেন কেঁদেছিলেন হলিউড অভিনেতা ক্রিস্টোফার লি
হলিউডের পর্দায় ড্রাকুলা ও জেমস বন্ডের খলনায়ক চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন ক্রিস্টোফার লি। কিন্তু পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর চরিত্রে অভিনয় করতে গিয়ে এই অভিনেতার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া পাকিস্তান ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘জিন্নাহ’তে জিন্নাহর চরিত্রে অভিনয় করেন ক্রিস্টোফার লি। লন্ডনে পাকিস্তানের ৫০তম বার্ষিকীর এক অনুষ্ঠানে পরিচালক জামিল দেহলভি ও ড. আকবর এস. আহমেদ তাকে সরাসরি প্রশ্ন করেন—জিন্নাহ সম্পর্কে তিনি কী জানেন।
লি জানান, জিন্নাহ তার কাছে ছিলেন অসাধারণ দৃঢ়সংকল্প ও মেধার একজন ব্যক্তি, যিনি ‘পাকিস্তান’ নামে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এরপরই তাকে জিন্নাহর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।
চরিত্রটি পাওয়ার পর জিন্নাহর জীবন ও ব্যক্তিত্ব সম্পর্কে ব্যাপক পড়াশোনা করেন ক্রিস্টোফার লি। পুরোনো ভিডিও ও রেডিও রেকর্ডিং দেখে তিনি জিন্নাহর হাঁটা, হাতের অঙ্গভঙ্গি, কথা বলার ধরন এমনকি কাশির ভঙ্গিও অনুকরণ করার চেষ্টা করেন।
ছবিটির শুটিংয়ের জন্য প্রায় ১০ সপ্তাহ করাচিতে অবস্থান করেন তিনি। তবে একজন পশ্চিমা ও খ্রিস্টান অভিনেতাকে জিন্নাহর চরিত্রে নেওয়া নিয়ে পাকিস্তানের কিছু মহলে সমালোচনাও হয়েছিল। কারণ এর আগে ড্রাকুলাসহ বিভিন্ন নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন লি।
তবে লির যুক্তি ছিল, একজন অভিনেতা তার অভিনীত চরিত্রের সঙ্গে ব্যক্তিগতভাবে এক নন। তাই আগের চরিত্রের কারণে জিন্নাহর চরিত্রে অভিনয় করা নিয়ে আপত্তি থাকা উচিত নয়।
ছবিটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয় লাহোরে, ঐতিহাসিক একটি ভাষণের স্থানেই। এছাড়া জিন্নাহর মাজারেও যান ক্রিস্টোফার লি। তার ভাষ্য অনুযায়ী, সেখানেই তিনি চরিত্রটির দায়িত্বের গভীরতা সবচেয়ে বেশি অনুভব করেন।
তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে ছবিটির ক্লাইম্যাক্সের শুটিংয়ে। দেশভাগের সময় একটি শরণার্থী কাফেলার দৃশ্যে একটি ছোট মেয়ে তার মাকে হারিয়ে ফেলে। সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে ক্যামেরার সামনে কেঁদে ফেলেন ক্রিস্টোফার লি।
আর সেই অশ্রু ছিল অভিনয়ের জন্য তৈরি করা নয়—ছিল সত্যিকারের আবেগের প্রকাশ।
ছবিটিতে শিরীন শাহ ফাতিমা জিন্নাহ, স্যাম দস্তুর গান্ধী, রবার্ট অ্যাশবি নেহরু, জেমস ফক্স লর্ড মাউন্টব্যাটেন এবং শাকিল লিয়াকত আলী খানের চরিত্রে অভিনয় করেন। পরে ছবিটির উর্দু সংস্করণও তৈরি হয়, যেখানে ক্রিস্টোফার লির কণ্ঠে ডাবিং করেন গোলাম মহিউদ্দিন।
‘জিন্নাহ’ ছবিটি লন্ডন, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও কায়রোর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। তবে আন্তর্জাতিকভাবে বড় কোনো পরিবেশক না পাওয়ায় ছবিটি ব্যাপক বাণিজ্যিক সাফল্য পায়নি।
তবুও ক্রিস্টোফার লির কাছে জিন্নাহর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা হয়ে ছিল তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়।