স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় জেল! যুবকের ৬ মাসের কারাদণ্ড

৩০ আগস্ট ২০২৬ - ১৫:০১ অপরাহ্ণ
 0
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় জেল! যুবকের ৬ মাসের কারাদণ্ড

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শারীরিকভাবে স্পর্শের চেষ্টা করার অভিযোগে নিহাদ (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে স্থানীয় একটি মুদি দোকানের কাছে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে তাদের সামনে আসেন নিহাদ। এ সময় তিনি ছাত্রীদের উত্ত্যক্ত করেন এবং তাদের শরীরে স্পর্শের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহাদকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্ত্যক্তের কথা স্বীকার করায় আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

দণ্ডাদেশের পর নিহাদকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।