বন্যার পর নেপালে নতুন বিপদ! আবারও ভয়াবহ বন্যার শঙ্কা
বন্যার পর নতুন বিপদের আশঙ্কা নেপালে
ভয়াবহ আকস্মিক বন্যার ধাক্কা সামলাতে না সামলাতেই নেপাল ও তিব্বতে নতুন ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং নদীর গতিপথে তৈরি হওয়া নতুন প্রতিবন্ধকতা এখন বড় উদ্বেগের কারণ।
রিডিং বিশ্ববিদ্যালয়ের বন্যা ও দুর্যোগ ঝুঁকি গবেষক জেফ দা কস্তা জানিয়েছেন, বন্যার পানিতে ভেসে আসা ধ্বংসাবশেষ নদীর গতিপথ আটকে বিভিন্ন জায়গায় নতুন হ্রদ তৈরি করেছে। এসব হ্রদ বা পানির প্রবাহ আটকে থাকা প্রতিবন্ধকতা ভেঙে গেলে দ্বিতীয় দফায় বন্যা দেখা দিতে পারে।
তার মতে, দ্বিতীয় দফার বন্যা প্রথমবারের মতো ভয়াবহ নাও হতে পারে। তবে হঠাৎ পানি নেমে এলে তা ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। তাই কোন জায়গায় পানি জমছে, কোথায় নদীর প্রবাহ আটকে আছে এবং কোন প্রতিবন্ধকতা ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে—এসব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি।
বিশেষজ্ঞ আরও বলেন, নেপাল ও চীনের মধ্যে এসব তথ্য দ্রুত আদান-প্রদান করা প্রয়োজন। কারণ, উজানে কোনো বাঁধ বা প্রাকৃতিক প্রতিবন্ধকতা ভেঙে গেলে সীমান্তের ওপারের মানুষও মুহূর্তের মধ্যে ঝুঁকিতে পড়তে পারেন।
এদিকে হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবও নতুন ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন তিনি। তাপমাত্রা বাড়ার কারণে হিমবাহ, পারমাফ্রস্ট এবং পাহাড়ের ঢালের স্থিতিশীলতায় পরিবর্তন আসছে।
তবে এবারের বন্যাকে সরাসরি জলবায়ু পরিবর্তনের ফল বলা ঠিক হবে না বলেও সতর্ক করেছেন গবেষক। এ বিষয়ে নিশ্চিত হতে আরও বিস্তারিত বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।