ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু! সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা

৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:২১ অপরাহ্ণ
 0
ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু! সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা

সরকারের ১৫ কোটি টাকা গচ্চার আশঙ্কা

টাঙ্গাইলের কালিহাতীতে পানিপ্রবাহ না থাকা একটি পরিত্যক্ত ডোবার ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, যেখানে কোনো নদী, খাল বা বিল নেই, সেখানে বিপুল অর্থ ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, ডোবাটি মাটি দিয়ে ভরাট করে সোজা ও প্রশস্ত সড়ক নির্মাণ করা হলে দুর্ঘটনা কমার পাশাপাশি সরকারের বড় অঙ্কের অর্থও সাশ্রয় হতো।

সওজ বিভাগ ও দরপত্র সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ৩৮ মিটার দীর্ঘ আরসিসি-পিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রথমে ১৪ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। পরে ১৩ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা চুক্তিমূল্যে ‘তুর্ণ এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড’কে কাজ দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রস্তাবিত সেতুর চারপাশে ঘনবসতি ও অসংখ্য বাড়িঘর রয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় অর্ধশত বছর ধরে এখানে প্রাকৃতিক পানিপ্রবাহ নেই। বর্তমানে জায়গাটি একটি সাধারণ ডোবার মতো।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পুরোনো সেতুটির কারণে মহাসড়কের এই অংশে একটি বিপজ্জনক বাঁক তৈরি হয়েছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, নতুন সেতু নির্মাণের পরিবর্তে জায়গাটি ভরাট করে সোজা সড়ক তৈরি করা হলে দুর্ঘটনা ও যানজট কমবে এবং ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

কালিহাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল মনছুর বলেন, সেতুর পরিবর্তে সোজা সড়ক নির্মাণ করা হলে সরকারি অর্থের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাও কমানো সম্ভব হবে। তার আশঙ্কা, প্রস্তাবিত সেতু নির্মাণ হলে দুর্ঘটনা কমার বদলে আরও বাড়তে পারে।

তবে সওজ কর্মকর্তারা বলছেন, ব্রিজ ম্যানেজমেন্ট উইংয়ের নিয়মিত পরিদর্শন, সমীক্ষা ও টেকনিক্যাল প্রতিবেদনের ভিত্তিতেই সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতের পানি নিষ্কাশন ব্যবস্থা ও মহাসড়কের পরিকল্পনা বিবেচনায় নিয়েই এর নকশা অনুমোদন করা হয়েছে বলে জানান তারা।

টাঙ্গাইল সওজের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খান জানান, কোনো জলাশয় বন্ধ করার এখতিয়ার সওজের নেই। ব্রিজ ম্যানেজমেন্ট উইংয়ের প্রতিবেদন অনুযায়ীই সেতুটি নির্মাণ করা হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমবে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, গত ৭ আগস্ট স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন নতুন সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেছেন।