২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা! রেমিট্যান্সে বড় সুখবর
আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা
চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি টাকা।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, আগস্টের প্রথম ২৯ দিনে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ। গত বছরের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার।
এদিকে গত তিন দিনে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশে ২১ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৬৩২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।
চলতি অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৬৬ কোটি ডলার।
ফলে চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।