মুসলিম পর্যটনের বিশ্বকেন্দ্র হতে চায় মালয়েশিয়া! পর্যটন খাতে বড় পরিকল্পনা

২৫ আগস্ট ২০২৬ - ০৯:০৬ পূর্বাহ্ণ
 0
মুসলিম পর্যটনের বিশ্বকেন্দ্র হতে চায় মালয়েশিয়া! পর্যটন খাতে বড় পরিকল্পনা

বিশ্বের শীর্ষ মুসলিমবান্ধব পর্যটন গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় মালয়েশিয়া। শুধু পর্যটন গন্তব্য হিসেবেই নয়, মুসলিম পর্যটন অর্থনীতির বৈশ্বিক কেন্দ্র বা হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছে দেশটি।

এমন আশাবাদ ব্যক্ত করেছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমাদ জাহিদ হামিদি।

কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত বিশ্ব ইসলামী পর্যটন ও বাণিজ্য প্রদর্শনী—উইটেক্স ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, পর্যটনকে শুধু হোটেল ও দর্শনীয় স্থানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না।

পর্যটনের সঙ্গে হালাল পণ্য ও সেবা, প্রযুক্তি, বাণিজ্য এবং স্থানীয় উদ্যোক্তাদের যুক্ত করে একটি শক্তিশালী ও সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একজন পর্যটক যখন কোনো দেশে ভ্রমণ করেন, তখন তার অর্থনৈতিক অবদান শুধু হোটেল বুকিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। পরিবহন, খাবার, কেনাকাটা, বিনোদন, ডিজিটাল সেবা, স্থানীয় পণ্য এবং সাংস্কৃতিক অভিজ্ঞতাসহ বিভিন্ন খাতে ব্যয় করেন তিনি।

ফলে পর্যটন খাতকে অর্থনীতিতে বহুমুখী প্রভাব সৃষ্টি করতে সক্ষম একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী।

আহমাদ জাহিদ জানান, ২০২৫ সালে বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৯ কোটি ৬০ লাখে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে প্রায় ২৬ কোটি ২০ লাখে পৌঁছাবে।

একই সময়ে মুসলিম পর্যটকদের ভ্রমণ ব্যয় প্রায় ৩১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে মুসলিম পর্যটকদের চাহিদাও বদলেছে। এখন তারা শুধু হালাল খাবার, নামাজের ব্যবস্থা কিংবা মুসলিমবান্ধব আবাসন খোঁজেন না। ব্যবসা, স্বাস্থ্য ও সুস্থতা, সংস্কৃতি, প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারসহ নানা ধরনের অভিজ্ঞতার জন্য ভ্রমণ করছেন তারা।

এই পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মালয়েশিয়াকে নতুন প্রযুক্তি গ্রহণ, দক্ষ জনশক্তি তৈরি এবং হালাল ও মুসলিমবান্ধব পর্যটনের মান আরও উন্নত করার আহ্বান জানান তিনি।

পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কারণে ওই অঞ্চলের অনেক পর্যটক এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে বিকল্প ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন বলেও উল্লেখ করেন আহমাদ জাহিদ।

এই সুযোগ কাজে লাগিয়ে উইটেক্সের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বেশি মুসলিম পর্যটককে মালয়েশিয়ায় আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেন তিনি।

মালয়েশিয়া ট্যুরিজম এজেন্সি অ্যাসোসিয়েশন বা মাটা আয়োজিত উইটেক্সের চতুর্থ আসর অনুষ্ঠিত হয় ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত। এতে ইসলামী পর্যটন, হালাল বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নেন।

মালয়েশিয়ার লক্ষ্য এখন স্পষ্ট—মুসলিমবান্ধব পর্যটনের জনপ্রিয় গন্তব্য হওয়ার পাশাপাশি বিশ্বের মুসলিম পর্যটন অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।