টাকার পেছনে নয়, দক্ষতায় সফল হোন: আইনমন্ত্রী

২৮ আগস্ট ২০২৬ - ১২:১৩ অপরাহ্ণ
 0
টাকার পেছনে নয়, দক্ষতায় সফল হোন: আইনমন্ত্রী

আইন পেশায় সফল হতে অর্থ নয়, দক্ষতা ও সততায় গুরুত্ব দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জন, সততা ও নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির আইন বিভাগের গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান উপলক্ষে ‘ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬’-এর আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো শর্টকাট পথ অনুসরণ করা উচিত নয়। দুর্নীতি বা অন্য কোনো অনৈতিক উপায়ে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতি আরও স্বচ্ছ ও কঠোর করার উদ্দেশ্য হলো মেধা ও যোগ্যতার ভিত্তিতে আইন পেশায় প্রবেশের সুযোগ নিশ্চিত করা। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে সনদ পেয়েছেন, তারা কারো অনুগ্রহে নয়, নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই অবস্থানে পৌঁছেছেন।

নবীন আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পেশাগত জীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম হতে পারে। তবে হতাশ না হয়ে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সময়ের সঙ্গে দক্ষতা বাড়লে কাজের পরিধি ও আয়ও বাড়বে।

তিনি আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু পারিশ্রমিকের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়। অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। তাই সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের কিছু মামলা বিনামূল্যে পরিচালনারও আহ্বান জানান তিনি।

আইনজীবীদের নিয়মিত পড়াশোনা ও আইনচর্চার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিনিয়ত নতুন কিছু শেখার সুযোগ রয়েছে। বিশেষ করে ভালো ড্রাফটিংসহ পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত অধ্যয়ন ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

দেশে বিপুলসংখ্যক আইনজীবী থাকলেও তাদের পেশাগত প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, আইনজীবীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা বাড়াতে সরকার কাজ করছে।

তিনি বলেন, আগামী দিনে এমন একটি আইনজীবী সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষা, মেধা, দক্ষতা, সততা ও নৈতিকতার কারণে এই পেশা মানুষের কাছে আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে।

অনুষ্ঠানে ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির আইন বিভাগের গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান করা হয়