এলপিজির দাম বাড়ল, জেনে নিন নতুন তালিকা
আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে, যা একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ৫.৫ কেজির সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, ১২.৫ কেজির ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজির ২ হাজার ১৩০ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯২ টাকা।
এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস কিনতে খরচ হবে ৭৩ টাকা ৬৭ পয়সা, যা গত মাসে ছিল ৭০ টাকা ৪০ পয়সা।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামা এবং আমদানি ও পরিবহনসহ সংশ্লিষ্ট ব্যয়ের ভিত্তিতেই প্রতি মাসে নতুন দাম নির্ধারণ করা হয়।