জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য নির্বাচিত হওয়ায় সবার প্রতি তাহমিনা আহাদ রোজীর কৃতজ্ঞতা
জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হওয়ার পর ভোটার, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সদস্য তাহমিনা আহাদ রোজী।
রোববার (২ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে বলেন, এই বিজয় শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি ভোটারদের বিশ্বাস, ভালোবাসা, দোয়া এবং নিরলস পরিশ্রমের প্রতিফলন।
তিনি নির্বাচনে তাঁকে সমর্থন ও ভোট প্রদানকারী সম্মানিত ভোটার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, দেশ-বিদেশে অবস্থানরত জালালাবাদবাসী এবং তাঁর পুরো নির্বাচনী প্যানেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি প্রচারণায় দিন-রাত পরিশ্রম করা সহযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন।
তাহমিনা আহাদ রোজী বলেন, ঢাকা ও সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে এসে যারা তাঁকে মূল্যবান ভোট দিয়েছেন, তাঁদের এই ভালোবাসা ও আস্থার ঋণ তিনি কখনো শোধ করতে পারবেন না।
তিনি নির্বাচনে বিজয়ী অন্য সকল প্রার্থীকেও অভিনন্দন জানিয়ে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী, কার্যকর ও মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
এ ছাড়া তিনি অতীতের মতো ভবিষ্যতেও জালালাবাদবাসীর সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, মানুষের আস্থা ও ভালোবাসাই তাঁর চলার পথের সবচেয়ে বড় প্রেরণা।
বার্তার শেষাংশে তিনি মহান আল্লাহ তাআলার কাছে সকলের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।