দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে সরকারের উদ্যোগ, নিয়োগ দেওয়া হয়েছে ল'ফার্ম
সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি ল'ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, কঠোর শর্তে বেনজীর আহমেদ জামিন পেয়েছেন। তার জামিন আদেশ বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মামলার সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। দ্রুত জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।
এর আগে, বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর জানায়, তাদের কাছে এ বিষয়ে কোনো দাপ্তরিক তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ জানাতে পারবে।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।
তবে জামিন পেলেও তার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দুবাইয়ের আদালত। জামিনের শর্ত অনুযায়ী তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।