‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’, হুংকার ইংলিশ কিংবদন্তির
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আগামী বুধবার (১৫ জুলাই) আটলান্টায় সেই মহারণ ঘিরে এরই মধ্যে উত্তাপ ছড়িয়েছে ইংলিশ ফুটবল অঙ্গনে। সাবেক ফুটবলাররা একের পর এক দিচ্ছেন পূর্বাভাস। তবে আত্মবিশ্বাস আর কথার ঝাঁজে সবাইকে যেন ছাড়িয়ে গেলেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল। লিওনেল মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ আর্জেন্টিনাকে হারিয়ে ইংল্যান্ড ফাইনালে উঠবে এমনই হুংকার দিয়েছেন সাবেক চেলসি তারকা। টিওয়াইসি স্পোর্টস
গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকা রিচার্ডসের সঙ্গে নেটফ্লিক্স স্পোর্টসের একটি অনুষ্ঠানে বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে আলোচনা করছিলেন কোল। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে আলোচনায় অংশ নেয়া সবারই। কথার একপর্যায়ে আসে ইংল্যান্ডের বিপক্ষে মেসির প্রথম ম্যাচের প্রসঙ্গ। সেখানেই আর্জেন্টাইন অধিনায়ককে থামানো নিয়ে বেশ আত্মবিশ্বাসী শোনায় কোলকে।
মেসিকে নিয়ে জো কোল বলেন, ‘ঠিক আছে, তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, শতভাগ।’
২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলা কোলের এমন মন্তব্য শুনে অনুষ্ঠানের অন্যরা দ্রুত তাকে সতর্ক করার চেষ্টা করেন। মেসি যদি সেমিফাইনালে আবারও নিজের জাদু দেখান, তাহলে এই মন্তব্যই যে পরে কোলের জন্য অস্বস্তির কারণ হতে পারে, সেটিই মনে করিয়ে দেন তারা। তাকে উদ্দেশ করে বলা হয়, ‘এটা বলো না। আট মাস পর আমরা কথাটা বলব।’
তবে সতর্কবার্তাতেও থামেননি কোল। বরং ইংল্যান্ডের ফাইনালে ওঠা নিয়ে আরও জোরালো ভবিষ্যদ্বাণী করেন সাবেক এই মিডফিল্ডার। কোল বলেন, ‘আমি এখনই বলছি- আমরা বিশ্বকাপের ফাইনালে উঠব।’
আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের কাজটা যে সহজ হবে না, সেটি অবশ্য স্বীকার করেছেন মিকা রিচার্ডস। তার মতে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করতে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষা দিতে হবে। আর্জেন্টিনার ফুটবলারদের ‘চতুর’ উল্লেখ করে সাবেক ইংলিশ ডিফেন্ডার মনে করিয়ে দিয়েছেন, বড় ম্যাচ কীভাবে জিততে হয়, সেটি খুব ভালোভাবেই জানেন মেসিরা।
এরপরও থমাস টুখেলের দলের গতিকে বড় অস্ত্র হিসেবে দেখছেন রিচার্ডস। তার ভাষায়, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরা তাদের হারাব। আমি এটা হাড়ে হাড়ে অনুভব করছি।’
মেসিকে নিয়ে জো কোলের এবারের মন্তব্য অবশ্য কিছুটা বিস্ময় জাগাতে পারে। কারণ আর্জেন্টাইন মহাতারকার দীর্ঘদিনের প্রশংসাকারীদের একজন তিনি। মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের বিতর্কেও একাধিকবার আর্জেন্টিনা অধিনায়ককে এগিয়ে রেখেছেন কোল।
বিশ্বকাপের আগে এক আলোচনায় মেসিকে নিয়ে কোল বলেছিলেন, ‘আমার মনে হয়, ক্রিশ্চিয়ানো রোনালদো রাতে বালিশে মাথা রেখে ভাবেন- ইশ, যদি আমি মেসির মতো ভালো হতে পারতাম! মেসি ঠিক আছে। সেই একমাত্র খেলোয়াড়, যে সবকিছু অর্জন করেছে। হ্যাঁ, একমাত্র সেই নিশ্চিন্তে ঘুমাতে পারে।’
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে উত্তাপ বাড়িয়েছেন আরেক সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিলও। আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ম্যাচটিকে এরই মধ্যে ‘ঐতিহাসিক’ ও ‘বিশেষ’ হিসেবে উল্লেখ করেছেন। এমন আবহে নেভিলের আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার দুই সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের নাম।
দুই আর্জেন্টাইন ডিফেন্ডারের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখছেন নেভিল। তার মতে, একই ম্যাচে অসাধারণ ও অবিশ্বাস্য ভুল দুই রূপেই দেখা যেতে পারে রোমেরো ও লিসান্দ্রোকে।
নেভিল বলেন, ‘ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজকে দেখুন। মনে হয়, দুজন মিলে প্রতি ম্যাচে একটি করে গোল উপহার দেয়। এরপর আবার তাদের দেখবেন গোল করছে, সব হেড জিতছে এবং মাঠের সর্বত্র উপস্থিত থাকছে। ওই জার্সি পরলেই তাদের মধ্যে যেন কিছু একটা ঘটে। এটা অবিশ্বাস্য।’
বর্তমানে স্কাই বেটের ধারাভাষ্যকার হিসেবে কাজ করা নেভিল আর্জেন্টিনার এই রক্ষণজুটিকে মজার ছলে ‘বিশ্বের সেরা-খারাপ সেন্টারব্যাক জুটি’ হিসেবেও আখ্যা দিয়েছেন।
নেভিলের ভাষায়, ‘আমি তাদের বিশ্বের সেরা-খারাপ সেন্টারব্যাক জুটি বলি। কারণ এক মুহূর্তে তারা একেবারে অসাধারণ, আর পরের মুহূর্তেই দুর্দান্ত অবস্থা থেকে হাস্যকর পর্যায়ে নেমে যায়।’