প্রথমবার ভারতে হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ, ইতিহাসের সাক্ষী চেন্নাই
২০১১ সালে যাত্রা শুরু করা অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল) ইতিহাসে প্রথমবারের মতো দেশের বাইরে পা রাখতে যাচ্ছে। ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের চেন্নাইয়ে। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ১৬তম আসর শুরু হওয়ার পাশাপাশি রচিত হবে বিবিএলের নতুন ইতিহাস। প্রতিবেদন এবিসির।
শুক্রবার (১০ জুলাই) মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই ঐতিহাসিক উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের মতে, অস্ট্রেলিয়া-ভারতের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই নেয়া হয়েছে এই উদ্যোগ।
আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এম এ চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স। প্রায় ৩৮ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতেই প্রথমবার অস্ট্রেলিয়ার বাইরে গড়াবে বিবিএলের কোনো ম্যাচ।
অস্ট্রেলিয়া ও ভারত দুই দেশই খেলাধুলার প্রতি ভালোবাসা ও আবেগে একসূত্রে গাঁথা। উল্লেখ করে এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, 'ভারতের সঙ্গে ক্রীড়া সহযোগিতা আরও বিস্তৃত করতে পেরে আমরা আনন্দিত। খেলাধুলা শুধু মানুষকে বিনোদনই দেয় না, এটি বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগের নতুন সুযোগও তৈরি করে।'
এই ম্যাচকে ঘিরে ডিসেম্বরজুড়ে ভারতে সপ্তাহব্যাপী নানা আয়োজনেরও পরিকল্পনা করা হয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার সংস্কৃতি, ব্যবসা ও ক্রীড়া-সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিগ ব্যাশের চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্স। ছবি: এপি
বিবিএলের প্রধান নির্বাহী অ্যালিস্টেয়ার ডবসন জানান, এ মুহূর্তে আমরা এটিকে এক বছরের উদ্যোগ হিসেবেই দেখছি। আমাদের লক্ষ্য এমন একটি আয়োজন করা, যা বিবিএলের প্রকৃত রূপ তুলে ধরবে।
চেন্নাইয়ের দর্শকদের নিয়ে আশাবাদী ডবসন বলেন, 'ভারতের সর্বত্রই ক্রিকেটের প্রতি মানুষের প্রবল আগ্রহ রয়েছে, বিশেষ করে চেন্নাইয়ে। যাদের সঙ্গে কথা বলেছি, সবাই ভালো দর্শক উপস্থিতির ব্যাপারে আশাবাদী।'
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যালবানিজের সঙ্গে যৌথ উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আমি বিশ্বাস করি, খেলাধুলার মতোই আমাদের এই অংশীদারত্বও প্রতিটি ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে উঠবে।'
আগামী সপ্তাহে ২০২৬-২৭ মৌসুমের বিবিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। তবে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক ম্যাচের টিকিট বিক্রি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমের বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।