বিদায়ী ম্যাচের আগেই মেসির ক্লাব নিয়ে নতুন পরিকল্পনা
জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের প্রস্তুতির মধ্যেই নতুন ক্লাব নিয়ে পরিকল্পনা শুরু করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার আগে স্পেনের দেপোর্তিভো এলদেন্সের মালিকানা নিয়েছেন এই তারকা ফুটবলার।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ জানিয়েছে, এলদেন্সের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নতুন ম্যানেজমেন্ট টিম গড়ার পরিকল্পনা করছেন মেসি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নিজের আস্থাভাজনদের নিয়েই ক্লাবটির ব্যবস্থাপনা সাজাতে চান তিনি।
তবে মালিকানা চুক্তি সম্পন্ন হলেও সেটির চূড়ান্ত অনুমোদনের জন্য স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন মেসি।
ক্লাবটির গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে মেসির ঘনিষ্ঠ দুই সহযোগী পাবলো গার্সিয়া মন্তানেস ও আলফনসো নেবোতের নাম আলোচনায় রয়েছে।
গার্সিয়া মন্তানেস ব্যাংকইন্টার ও ডেলয়েটের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে উনিয়ো এস্পোর্তিভা কর্নেয়া ক্লাবের প্রশাসনিক দায়িত্বেও রয়েছেন তিনি। এই ক্লাবটির মালিকানাও সম্প্রতি নিয়েছেন মেসি।
অন্যদিকে, মেসির দীর্ঘদিনের সহযোগী আলফনসো নেবোত অ্যান্ডব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য। ২০০৯ সাল থেকে মেসি পরিবারের ওয়েলথ ম্যানেজমেন্ট অফিসের দায়িত্বও পালন করছেন তিনি।
এদিকে এলদেন্সের বর্তমান কোচ হাভিয়ের কালেহাও জানিয়েছেন, নতুন মালিকপক্ষের সঙ্গে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের নিয়মিত যোগাযোগ হচ্ছে।
মালিকানা নেওয়ার পর এলদেন্সের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও পরিচালনা কাঠামো নিয়ে মেসি যে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন, তা এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।