বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

১০ জুন ২০২৬ - ১৪:৪৬ অপরাহ্ণ
 0
বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

মাত্র একদিনের অপেক্ষা। তারপরই বিশ্বকাপের বাঁশিতে বাজবে ফু। শুরু হয়ে যাবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। ফুটবল শৈলি, নান্দনিকতা, ড্রিবলিং আর দারুণ কিছু গোলে মেতে থাকবে বিশ্ব। কোনো দল হারবে, কোনো দল জিতবে। এভাবেই এগিয়ে যাবে লড়াই।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মোট ১৬টি ভেন্যুতে চলবে ফুটবলের জয়গান। গ্রুপ পর্বের পর ৪৮ দলের লড়াই নেমে আসবে ৩২ এ। এরপর ধাপে ধাপে ১৬ দল টিকে থাকবে। প্রি কোয়ার্টারের পর কোয়ার্টারের ৮ দল থাকবে শিরোপা যুদ্ধে। সেখান থেকে ৪ সেমিফাইনালিস্ট। এরপর ২ ফাইনালিস্ট। ৩৯ দিনের রাত-দিনের হাড্ডাহাড্ডি লড়াই, তীব্র প্রতিদ্বন্দ্বীতার ফয়সালা হবে আগামী ১৯ জুলাই।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে ৪৮ দলের যেকোনো একটি দল উচিয়ে ধরবে ৬.২ কেজির বিশ্বকাপের মুকুট। যা শেষবার জিতেছিল আর্জেন্টিনা। 

অনেকেরই জানতে চাওয়া বিশ্বকাপ জিতলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? এতো লম্বা পথ পেরিয়ে যারা একটুর জন্য শিরোপা ছুঁতে পারবে না তারাই বা কত টাকা পাবে?

ফিফার দেয়া তথ্য মতে, এবারের চ্যাম্পিয়নরা ৫০ মিলিয়ন ডলার প্রাইজমানি পাবে। যা বাংলাদেশি টাকায়, ৬১৪ কোটি ৪১ লক্ষ ৪৫ হাজার টাকা মাত্র। সবশেষ কাতার বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৪২ মিলিয়ন ডলার। এবার ৮ মিলিয়ন ডলার চ্যাম্পিয়ন প্রাইজমানি বেড়েছে। এর আগে বেড়েছিল মাত্র ৪ মিলিয়ন ডলার।

বাকিদের কি অবস্থা?

চ্যাম্পিয়নের পর রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় ও চতুর্থ দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার। বিশ্বকাপ থেকে শূন্য হাতে যাবে না কেউ। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে। প্রি কোয়ার্টারে বাদ পড়া আট দল পাবে ১৫ মিলিয়ন ডলার করে।

এরপর ১৭ থেকে ৩২তম দল পাবে ১১ মিলিয়ন ডলার করে। প্রথম পর্বে বাদ পড়া ১৬ দল পাবে ৯ মিলিয়ন ডলার করে। এবারই প্রথম ৩২ দল থেকে ৪৮ দলের টুর্নামেন্ট হচ্ছে। সব মিলিয়ে ম্যাচ হবে ১০৪টি।

ফিফা কত টাকা আয় করবে?

সেই প্রশ্নও উঠছে? বিশ্ব বাণিজ্য সংস্থার  বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বকাপ ৮০.১ বিলিয়ন ডলারের মোট উৎপাদন সৃষ্টি করবে, যা একে ইতিহাসের সবচেয়ে লাভজনক ক্রীড়া ইভেন্টে পরিণত করতে যাচ্ছে। দ্য গার্ডিয়ানের মতে, ফিফা এই চার বছরের চক্রে ১৩ বিলিয়ন ডলার আয় করবে, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের ৭.৫ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।