এক্সপ্রেসওয়েতে দুই বাইকের সংঘর্ষ প্রাণ গেল দুই তরুণের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে ভাঙ্গা গোলচত্বরে এক্সপ্রেসওয়ের খুলনাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলচত্বরে চলাচলের সময় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহীই গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাধীন ও এজাজুল নামে দুই তরুণকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০) এবং ভাঙ্গা উপজেলার হাজরাহাটি এলাকার মো. দুলালের ছেলে এজাজুল (২০)।
এ ঘটনায় আহত দুজন হলেন, নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার রহমান মাতুব্বরের ছেলে নাসিম (২০) এবং ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা এলাকার মো. শওকত হোসেনের ছেলে রাজন (২৫)।