অনেক দেরি করেছে ইরান, এখন দিতে হবে চড়া মূল্য: ট্রাম্প

১০ জুন ২০২৬ - ১৪:৪৯ অপরাহ্ণ
 0
অনেক দেরি করেছে ইরান, এখন দিতে হবে চড়া মূল্য: ট্রাম্প

আলোচনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে অনেক দেরি করেছে এবং এখন তাদের এর মূল্য দিতে হবে। বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে এ কথা বলেন তিনি।

ট্রাম্প লিখেন, ‘ইরান শুধু কথাই বলে, কোনো কাজ করে না। তাদের জন্য দারুণ হতে পারত যদি তারা একটি চুক্তিতে পৌঁছাত। কিন্তু তারা অনেক দেরি করেছে, এখন তাদের এর মূল্য দিতে হবে।’

ফক্স নিউজকে দেয়া একটি পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরান যদি চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হয়, তবে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দেবেন।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন পরিস্থিতি সম্পর্কে অবগত একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একটি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় কাতারের আলোচকরা বুধবার সকালে তেহরানে গেছেন।

হরমুজ প্রণালির আশেপাশে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডান, কুয়েত এবং বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে বুধবার ইরানের সর্বশেষ হামলা সম্পর্কেও কথা বলেন ট্রাম্প। এ বিষয়ে ফক্স নিউজকে তিনি জানান, ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করে টিকে থাকার সুযোগ রয়েছে এবং আলোচনার ধীর গতির কারণে তিনি আরও হামলা চালিয়ে যেতে পারেন।