হোয়াটসঅ্যাপে নতুন ফিচার মেসেজ থেকেই সেভ হবে নম্বর
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, মেসেজ থেকেই সেভ হবে নম্বর
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে নতুন সুবিধা। এখন চ্যাটের মেসেজ থেকেই সরাসরি ফোন নম্বর সেভ করা, কল করা, ইমেইল পাঠানো কিংবা ক্যালেন্ডারে ইভেন্ট যুক্ত করার মতো কাজ করা যাবে। ‘স্মার্ট টেক্সট অ্যাকশনস’ নামের এই ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএসের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে থাকা ফোন নম্বর, তারিখ, সময়, ইমেইল ঠিকানা এবং লোকেশনের মতো তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যাবে।
কোনো মেসেজে এ ধরনের তথ্য থাকলে সংশ্লিষ্ট লেখার নিচে বিন্দুযুক্ত দাগ দেখা যাবে। সেখানে ট্যাপ করলে অথবা লেখাটি চেপে ধরলে একটি পপ-আপ মেনু আসবে। ওই মেনু থেকেই ব্যবহারকারীরা প্রয়োজনীয় কাজের বিকল্প বেছে নিতে পারবেন। পাঠানো ও গ্রহণ করা—উভয় ধরনের মেসেজেই এই সুবিধা কাজ করবে।
ফোন নম্বরের ক্ষেত্রে নম্বরটি কপি করা, কন্টাক্টে সেভ করা কিংবা সরাসরি কল করার সুযোগ থাকবে। অন্যদিকে, মেসেজে থাকা তারিখ ও সময় ব্যবহার করে ক্যালেন্ডারে নতুন ইভেন্ট তৈরি করা যাবে। কোনো ঠিকানা বা লোকেশন শনাক্ত হলে সেটি সরাসরি ম্যাপে খোলা যাবে। একইভাবে, ইমেইল ঠিকানায় ট্যাপ করলেই ইমেইল পাঠানোর বিকল্প পাওয়া যাবে।
নতুন এই ফিচার ব্যবহার বাধ্যতামূলক নয়। কেউ চাইলে আগের মতোই স্বাভাবিকভাবে মেসেজ আদান-প্রদান করতে পারবেন। আন্ডারলাইন করা লেখায় ট্যাপ না করলেও চ্যাট ব্যবহারে কোনো সমস্যা হবে না।
আগে থেকেই হোয়াটসঅ্যাপে কিছু তথ্যের ক্ষেত্রে এ ধরনের শর্টকাট সুবিধা ছিল। তবে নতুন ফিচারের মাধ্যমে বিভিন্ন তথ্য শনাক্ত করা এবং সেগুলো ব্যবহার করে দ্রুত কাজ করার প্রক্রিয়াটি আরও সহজ ও গোছানো হচ্ছে।
এ ছাড়া, নতুন সুবিধাটি কতটা কার্যকর, সে বিষয়ে ব্যবহারকারীদের মতামত জানানোর সুযোগও রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ এখনো ফিচারটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ধীরে ধীরে আরও বেশি ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হতে পারে।