এলিয়েন নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিয়ে আলোচনায় স্টিভেন স্পিলবার্গ

১০ জুন ২০২৬ - ১৪:৪৩ অপরাহ্ণ
 0
এলিয়েন নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিয়ে আলোচনায় স্টিভেন স্পিলবার্গ

হলিউডের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। অস্কারজয়ী এই চলচ্চিত্র নির্মাতা এলিয়েন বা ভিনগ্রহবাসীদের নিয়ে নিজের ভাবনা জানিয়ে আলোচনায়। তিনি মনে করেন, ভিনগ্রহবাসীরা শুধু মহাবিশ্বে নয়, তারা ইতোমধ্যেই পৃথিবীতে এসেছে এবং এখনও এখানে রয়েছে।

সম্প্রতি মার্কিন টেলিভিশন অনুষ্ঠান সিবিএস সানডে মর্নিং-এ দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন স্টিভেন স্পিলবার্গ। দীর্ঘদিন ধরেই তার চলচ্চিত্রে ভিনগ্রহবাসী ও অজানা মহাজাগতিক রহস্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। এবার সেই কল্পনার জগতের সঙ্গে মিল রেখে নিজের ব্যক্তিগত বিশ্বাসও প্রকাশ করলেন তিনি। সাক্ষাৎকারে স্পিলবার্গ বলেন, সারা জীবন ধরে আমি যে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছি এবং মার্কিন কংগ্রেসে যেসব সাক্ষ্য শুনেছি, তার ভিত্তিতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি  ভিনগ্রহবাসীরা পৃথিবীতে এসেছে এবং এখনও এখানে রয়েছে। এমনও হতে পারে, তারা সব সময়ই এখানে ছিল।

 স্টিভেন স্পিলবার্গ। ছবি: সংগৃহীত

স্টিভেন স্পিলবার্গ। ছবি: সংগৃহীত

তবে মজার বিষয় হলো, ভিনগ্রহবাসীদের অস্তিত্বে বিশ্বাস করলেও নিজে কখনও কোনও রহস্যময় বা অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হননি বলে জানান তিনি। হাস্যরসের সুরে স্পিলবার্গ বলেন, এটা কি খুব খারাপ নয়? আমি তো অন্তত একবার তাদের দেখার যোগ্য ছিলাম। আমি যেন তাদেরই একজন দূত, অথচ তারা কখনও আমার সামনে আসেনি। বিষয়টা আমি বুঝতে পারি না।

আরেক সাক্ষাৎকারে ইউএসএ টুডেকে স্পিলবার্গ জানান, তার বিখ্যাত চলচ্চিত্র ‘ক্লোজ এনকাউন্টারস অব দ্য থার্ড কাইন্ড’ নির্মাণের সময় তিনি ভিনগ্রহে প্রাণের অস্তিত্বে বিশ্বাস করতেন। তবে তারা পৃথিবীতে এসেছে কি না, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, তখন আমি ইউএফও ও অজ্ঞাত উড়ন্ত বস্তুর বিষয়ে খুবই কৌতূহলী ছিলাম। কিন্তু একবিংশ শতাব্দীর শুরু থেকে প্রযুক্তির উন্নয়নের কারণে মানুষ নিজের চোখে দেখা ঘটনা সহজেই ধারণ ও শেয়ার করতে পারছে। এসব তথ্য-প্রমাণ দেখে আমার কাছে ক্রমেই পরিষ্কার হয়েছে যে, আমরা মহাবিশ্বে একা নই।

স্পিলবার্গের নতুন চলচ্চিত্র ‘ডিসক্লোজার ডে’ মুক্তি পাচ্ছে ১২ জুন। ছবি: সংগৃহীত

স্পিলবার্গের নতুন চলচ্চিত্র ‘ডিসক্লোজার ডে’ মুক্তি পাচ্ছে ১২ জুন। ছবি: সংগৃহীত

স্পিলবার্গের নতুন চলচ্চিত্র ‘ডিসক্লোজার ডে’ মুক্তি পাচ্ছে ১২ জুন। সিনেমাটি একটি ইউএফও-সংক্রান্ত ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিনেমায় মার্গারেট ফেয়ারচাইল্ড নামে এক টেলিভিশন আবহাওয়াবিদের চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ভিনগ্রহের প্রাণীর সঙ্গে রহস্যময় সাক্ষাতের পর তিনি অদ্ভুত ক্ষমতা অর্জন করেন। একপর্যায়ে সরাসরি সম্প্রচারের সময় তার কণ্ঠস্বর বদলে যায় এবং তিনি অজানা এক ভাষায় কথা বলতে শুরু করেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন জশ ও’কনর, কলিন ফার্থ, ইভ হিউসন, কোলম্যান ডোমিঙ্গো ও ওয়ায়াট রাসেল।