আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের ফল কী হবে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার
ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে রোববার (২৮ জুন) সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই গ্রুপসেরা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। ফলে নকআউট পর্বের আগে এই ম্যাচে একাধিক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার।
ম্যাচটি নিয়ে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার আর্জেন্টিনাকেই স্পষ্ট ফেবারিট হিসেবে দেখছে। ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে তাদের পূর্বাভাসে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৮.১ শতাংশ। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৩.২ শতাংশ, আর জর্ডানের জয়ের সম্ভাবনা মাত্র ৮.৭ শতাংশ।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয় এবং দুটি ক্লিন শিট ধরে রেখেছে আলবিসেলেস্তেরা।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচটি গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি। শুধু গোলই নয়, সুযোগ তৈরি (৪), থ্রু বল (৪), প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে লাইন ভাঙা পাস (১১), সফল ড্রিবল (৩) এবং প্রগ্রেসিভ ক্যারি (২২)—সব ক্ষেত্রেই দলের শীর্ষে রয়েছেন তিনি।
তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর ক্লান্তির কথা জানিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। ফলে জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দেয়ার সম্ভাবনা জোরালো। মেসি খেললে আরও দুটি অনন্য রেকর্ড গড়ার সুযোগ থাকবে তার সামনে। ৩৯ বছর বয়সে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে নামা দ্বিতীয় ফুটবলার হবেন তিনি। এছাড়া গোল করতে পারলে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার প্রথম ফুটবলার হিসেবেও ইতিহাস গড়বেন তিনি।
মেসির পরিবর্তে তরুণ মিডফিল্ডার নিকো পাজকে দেখা যেতে পারে একাদশে। হাঁটুর চোট কাটিয়ে তিনি দলে ফিরেছেন। এছাড়া লাউতারো মার্তিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজকে শুরু থেকেই খেলানোর সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুর চোট বাড়িয়ে ফেলেছেন। তিনি দলের সঙ্গে অনুশীলনও করেননি। ফলে এই ম্যাচে তার না খেলার সম্ভাবনাই বেশি।
জর্ডানের জন্য ম্যাচটি কেবল সম্মান রক্ষার। প্রথম দুই ম্যাচে হেরে তারা ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে। শেষ ম্যাচে চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো একটি পারফরম্যান্স দিয়ে আসর শেষ করতে চায় জামাল সেল্লামির দল।
র্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে থাকা জর্ডান জিততে পারলে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নকে হারানো সবচেয়ে নিচের র্যাঙ্কিংধারী দলগুলোর একটি হয়ে যাবে। যদিও সাম্প্রতিক পাঁচ ম্যাচে তারা কোনো জয় পায়নি, তবে আগের দুই ম্যাচেই গোল করে আক্রমণভাগে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
দুই দলের মধ্যে এটি হবে ইতিহাসের প্রথম মুখোমুখি লড়াই। দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে জর্ডানের একমাত্র জয়টি এসেছিল ২০০৪ সালে, ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে। এরপর কনমেবল অঞ্চলের প্রতিপক্ষদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা।