সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

৪ এপ্রিল ২০২৬ - ০৬:৪৬ পূর্বাহ্ণ
 0
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। শুক্রবার (৩ এপ্রিল) রাতে এক ক্ষুদেবার্তায় অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।

এছাড়াও অভিনন্দন বার্তায় আগামীতেও বাংলাদেশ ফুটবল দলের জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন স্পিকার। এর আগে শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ দল ট্রাইবেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে জয়লাভ করে।

এদিকে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাতে এক ক্ষুদেবার্তায় লাল সবুজের দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান তিনি।

এদিন মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় সাফ অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দল। এর ফলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশের যুবারা। ২০২৪ সালের আসরেও শিরোপা জিতেছিল লাল সবুজের দল।

এদিন মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি। এমনকি ম্যাচের নির্ধারিত সময়ের মতো টাইব্রেকারেও অনেক নাটকীয়তা দেখা গেছে। টসে জিতে ভারতের অধিনায়ক প্রথমে শট নেয়ার সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথম শট সেভ করেন। পাশাপাশি মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।

অন্যদিকে বাংলাদেশের চতুর্থ শট নিতে আসেন স্যামুয়েল। এ সময় ভারতের গোলরক্ষক চোটের কারণে সময়ক্ষেপণ করেন। চিকিৎসা নেয়ার পর পোস্টে দাঁড়ালে স্যামুয়েলের শট ক্রসবারে লাগে। তখন চার শট শেষে স্কোরলাইন ৩-৩ এ দাঁড়ায়। এতে দুই দলের শেষ শটটি তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

এরপর ভারতের হয়ে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার শট নিতে আসেন। তবে তার নেয়া শট পোস্টের অনেক উপর দিয়ে যায়। যার ফলে বাংলাদেশ শেষ শটে গোল করলেই চ্যাম্পিয়ন হবে এমন সমীকরণে শেষ শটটি নেন আমেরিকান প্রবাসী রোনান। অনেক চাপের মধ্যে থেকেও তিনি শট পোস্ট রেখে গোল করেন। এতে মুহূর্তেই মালদ্বীপের মালে স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের উল্লাস ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে বাংলাদেশ আবারও সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।