ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

৪ এপ্রিল ২০২৬ - ০৬:৫৪ পূর্বাহ্ণ
 0
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে এক ক্ষুদেবার্তায় লাল সবুজের দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে- ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

এর আগে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় সাফ অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দল। এর ফলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশের যুবারা। ২০২৪ সালের আসরেও শিরোপা জিতেছিল লাল সবুজের দল।

এদিকে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে এক ক্ষুদেবার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি।

এদিন মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি। এমনকি ম্যাচের নির্ধারিত সময়ের মতো টাইব্রেকারেও অনেক নাটকীয়তা দেখা গেছে। টসে জিতে ভারতের অধিনায়ক প্রথমে শট নেয়ার সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথম শট সেভ করেন। পাশাপাশি মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।

অন্যদিকে বাংলাদেশের চতুর্থ শট নিতে আসেন স্যামুয়েল। এ সময় ভারতের গোলরক্ষক চোটের কারণে সময়ক্ষেপণ করেন। চিকিৎসা নেয়ার পর পোস্টে দাঁড়ালে স্যামুয়েলের শট ক্রসবারে লাগে। তখন চার শট শেষে স্কোরলাইন ৩-৩ এ দাঁড়ায়। এতে দুই দলের শেষ শটটি তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

এরপর ভারতের হয়ে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার শট নিতে আসেন। তবে তার নেয়া শট পোস্টের অনেক উপর দিয়ে যায়। যার ফলে বাংলাদেশ শেষ শটে গোল করলেই চ্যাম্পিয়ন হবে এমন সমীকরণে শেষ শটটি নেন আমেরিকান প্রবাসী রোনান। অনেক চাপের মধ্যে থেকেও তিনি শট পোস্ট রেখে গোল করেন। এতে মুহূর্তেই মালদ্বীপের মালে স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের উল্লাস ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে বাংলাদেশ আবারও সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।