ক্রিকেটের আগে নির্বাচনে ফিক্সিং বন্ধ করুন: তামিম

১ অক্টোবর ২০২৫ - ০৯:৩৪ পূর্বাহ্ণ
 0
ক্রিকেটের আগে নির্বাচনে ফিক্সিং বন্ধ করুন: তামিম

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না। বুধবার (১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইতোমধ্যেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ সময় বিসিবি নির্বাচন প্রসঙ্গে তিনি তীব্র সমালোচনা করেন।

তামিম বলেন, “সবাই জোর গলায় ক্রিকেটে ফিক্সিং বন্ধ করার কথা বলেন। কিন্তু তার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন। পরে ক্রিকেটের ফিক্সিং নিয়ে কথা বলবেন।”

বিসিবিতে দায়িত্ব পালনকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “এভাবে যদি নির্বাচন করতে চান, করতে পারেন, জিততেও পারেন। কিন্তু আজ থেকে ক্রিকেট নিশ্চিতভাবে পরাজিত হলো—এটা নিয়ে কারো কোনো সংশয় নেই।”

তামিমের মতে, এবারের নির্বাচন আয়োজন বিসিবির জন্য বড় ধরনের কলঙ্ক হয়ে থাকবে। তিনি মনে করেন, এই প্রক্রিয়ায় যাঁরা সম্পৃক্ত ছিলেন, তারাও ভালো করেই জানেন এটি প্রকৃত নির্বাচন ছিল না।

ভবিষ্যতে নির্বাচন নিয়ে বিস্তারিত বলবেন উল্লেখ করে তামিম বলেন, “এখানে কারা কীভাবে হস্তক্ষেপ করেছেন এবং কে কতটা সম্পৃক্ত ছিলেন, তা একেবারেই পরিষ্কার। এখন নয়, তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি অবশ্যই এ বিষয়ে বিস্তারিত জানাবো।”

তিনি আরও জানান, কেবল তিনিই নন, আরও প্রায় ১৪–১৫ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। “কারণটা খুব স্পষ্ট, তাই বেশি কিছু ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না,” যোগ করেন তিনি।

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে। এর মধ্যে জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন সংশ্লিষ্ট কাউন্সিলরদের ভোটে।