হার্ট ভালো রাখতে ডালিম নাকি আপেল?

২৪ অক্টোবর ২০২৬ - ১০:১৪ পূর্বাহ্ণ
 0
হার্ট ভালো রাখতে  ডালিম নাকি আপেল?

হার্ট ভালো রাখতে ডালিম নাকি আপেল, কোনটি বেশি উপকারী?

হার্ট সুস্থ রাখতে ডালিম নাকি আপেল, কোন ফলটি বেশি উপকারী? পুষ্টিগুণে ভরপুর এই দুই ফলেই রয়েছে খাদ্যআঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা হৃদযন্ত্র সুস্থ রাখতে ভূমিকা রাখে। তবে ডালিমে রয়েছে পলিফেনলসহ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে। অন্যদিকে, আপেলের খাদ্যআঁশ ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।

ডালিম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যেতে পারে। পাশাপাশি এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্রদাহ কমাতে ভূমিকা রাখে। অন্যদিকে, আপেল রক্তনালির কার্যকারিতা ভালো রাখতে, অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

পুষ্টিগুণের দিক থেকেও রয়েছে কিছু পার্থক্য। আধা কাপ ডালিমের দানায় প্রায় ৭২ ক্যালরি এবং সাড়ে ৩ গ্রাম খাদ্যআঁশ থাকে। অন্যদিকে, একটি মাঝারি আপেলে প্রায় ৯৬ ক্যালরি ও ৪ গ্রাম খাদ্যআঁশ রয়েছে। ডালিমে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম কিছুটা বেশি থাকলেও আপেলে খাদ্যআঁশের পরিমাণ বেশি।

অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষেত্রে ডালিমে রয়েছে পুনিক্যালাজিন, এলাজিট্যানিন ও অ্যান্থোসায়ানিনের মতো উপকারী উপাদান। অন্যদিকে, আপেলে রয়েছে বিভিন্ন ধরনের পলিফেনল ও ভিটামিন সি। তবে শুধু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ দিয়ে কোন ফল হার্টের জন্য সেরা, তা নিশ্চিতভাবে বলা যায় না।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, হৃদযন্ত্র সুস্থ রাখতে যেকোনো একটি ফলের ওপর নির্ভর না করে খাদ্যতালিকায় বৈচিত্র্য রাখা জরুরি। ফলের রসের পরিবর্তে গোটা ডালিম ও খোসাসহ আপেল খাওয়া, নিয়মিত শরীরচর্চা করা এবং অতিরিক্ত লবণ ও অস্বাস্থ্যকর চর্বি এড়িয়ে চলা হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী। মনে রাখতে হবে, কোনো ফলই হৃদরোগের চিকিৎসার বিকল্প নয়।