রাজকীয় সম্মাননায় মেসি পেলেন স্পেনের বড় পুরস্কার
রাজকীয় সংবর্ধনায় মেসি, পেলেন স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার
স্পেনের ওভিয়েদোতে রাজকীয় সংবর্ধনা আর হাজারো ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’।
শুক্রবার রাতে ওভিয়েদোর ক্যাম্পোয়ামোর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মেসি। এ সময় তাকে একনজর দেখতে রাস্তায় ভিড় করেন হাজারো সমর্থক। আর্জেন্টিনার জার্সি পরা ভক্তদের উল্লাস আর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে মেসির ফুটবলীয় দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতার প্রশংসা করেন প্রিন্সেস লিওনর। তিনি বলেন, মেসির খেলা মানুষকে একই অনুভূতিতে একত্রিত করে।
সম্মাননা পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি। এটিকে নিজের জন্য দারুণ সম্মানের বলে উল্লেখ করেন তিনি। ২০০০ সালে বার্সেলোনার বয়সভিত্তিক দলে যোগ দিয়ে দীর্ঘ ২১ বছর ক্লাবটিতে কাটান এই তারকা। পরে পিএসজিতে দুই বছর খেলার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি।
১৯৮১ সালে চালু হওয়া প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড শিল্পকলা, বিজ্ঞান, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ইউরো। এর আগে টেনিস তারকা রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামসসহ আরও অনেক ক্রীড়াবিদ এই সম্মাননা পেয়েছেন।