মোহাম্মদপুরে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

২৪ অক্টোবর ২০২৬ - ১০:০৪ পূর্বাহ্ণ
 0
মোহাম্মদপুরে ১৩  ছিনতাইকারী গ্রেপ্তার

মোহাম্মদপুরে ২৪ ঘণ্টায় নারী ও কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে নারী ও কিশোরসহ ১৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড, একটি করাত কাটা চাকু এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে হাসনাইন হাসান নামে এক ছিনতাইকারী রয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে। তার চক্রে দুই কিশোর ও এক নারী সদস্যও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, চক্রটির সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে আসা রোগীর স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিত। পাশাপাশি নারীদের অসতর্কতার সুযোগ নিয়ে ব্যাগ থেকেও চুরি করত তারা।