সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া নজরুলের স্ত্রী নন সুইটি! পরিবার জানাল অজানা তথ্য

১৯ অক্টোবর ২০২৬ - ১৩:১২ অপরাহ্ণ
 0
সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া নজরুলের স্ত্রী নন সুইটি!  পরিবার জানাল অজানা তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড, নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে নতুন তথ্য জানাল পরিবার

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়ানো হলেও, তারা স্বামী-স্ত্রী নন বলে দাবি করেছেন নজরুলের বাবা আব্দুল বাছির। তিনি জানিয়েছেন, সুইটি আক্তারকে তারা চেনেন না। তাঁর দাবি, সৌদি আরবে যাওয়ার পর মাত্র ছয় মাস কাজ করতে পেরেছিলেন নজরুল। এরপর টানা তিন বছর তিন মাস কারাগারে ছিলেন তিনি। তবে কী কারণে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল, তা এখনো জানে না পরিবার।

২০২২ সালের ১০ নভেম্বর পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি দেন ২৫ বছর বয়সী নজরুল। স্বজনদের ভাষ্য অনুযায়ী, সেখানে যাওয়ার ছয় মাসের মাথায় মক্কার একটি মসজিদে সুইটি আক্তারের সঙ্গে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ কারাবাসের পর গত বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

নজরুলের বাবা বলেন, সাত লাখ টাকা ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন তিনি। ছেলে দেড় লাখ টাকা পাঠানোর পর আর কোনো অর্থ পাননি। এখন ঋণদাতাদের চাপের পাশাপাশি ছেলেকে হারানোর শোকও বইতে হচ্ছে পরিবারকে। তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এদিকে, নজরুলের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।