প্রধানমন্ত্রী যাচ্ছেন রাজশাহী! সাজ সাজ রব, প্রস্তুত বিশাল জনসভাস্থল
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, জনসভাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল মঙ্গলবার রাজশাহী সফরকে ঘিরে বরেন্দ্র অঞ্চলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সাজানো হয়েছে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো। পাশাপাশি জনসভাস্থলে বিশাল মঞ্চ নির্মাণ এবং সড়ক সংস্কারের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
সফরকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ জনসভা থেকে উত্তরাঞ্চলের উন্নয়ন ও জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে আশা করছেন নেতাকর্মীরা।
এ ছাড়া সফরে স্থানীয় একটি ধর্মীয় সমাবেশ পরিদর্শন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আখচাষিদের মধ্যে প্রণোদনা ও বিশেষ সহায়তা বিতরণের কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, এসএসএফ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। অন্যদিকে, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবীর জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আর ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সফর সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।