হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত আজ

১৬ মার্চ ২০২৬ - ০৬:১৪ পূর্বাহ্ণ
 0
হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত আজ

আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সারা বিশ্বের মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও পুণ্যময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করেন।

ইসলামি মত অনুযায়ী, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে। এ উপলক্ষে ২৭ রমজান (১৭ মার্চ, মঙ্গলবার) দেশে সরকারি ছুটি।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এ রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও রয়েছে। ‘শবে কদর’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। শব অর্থ রাত বা রজনী এবং কদর অর্থ সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা বা ভাগ্য। অর্থাৎ শবে কদর মানে মর্যাদার রাত বা ভাগ্যরজনী। এর আরবি নাম লাইলাতুল কদর, যার অর্থ সম্মানিত রাত।

পবিত্র এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের মর্যাদা বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব সংকট থেকে মুক্তির জন্য এ রাতে আল্লাহর দরবারে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

পবিত্র কোরআনের সূরা আল-কদরে বলা হয়েছে, ‘কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম।’ গুনাহ মাফ ও অধিক সওয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত এবং জিকির-আজকারে মশগুল থাকেন। অনেকেই কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

রমজান মাসজুড়ে দেশের বিভিন্ন মসজিদে তারাবিহর নামাজে কোরআন খতম দেওয়া হয়। আজ পবিত্র শবে কদরে মসজিদগুলোতে খতমে তারাবিহ শেষ হবে।

পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ মাগরিবের নামাজের পর আয়োজিত এ সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। সভায় সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ।