২৭ বছরে মানবসেবায় অনন্য জেডআরএফ!
মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা
জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত বাংলাদেশের একটি অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত এই সংগঠন দীর্ঘ ২৭ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, মানবসেবার ছোট একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করা জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে রয়েছে। মানুষের জন্য মানুষ—এই লক্ষ্য সামনে রেখে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের সর্বত্র মানুষের পাশে থাকার যে অঙ্গীকার ফাউন্ডেশন করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একদিন জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বজুড়ে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া ফাউন্ডেশন আয়োজিত আইডিয়া ফেস্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দল। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।