আমির খানের ভাগ্নেকে ভারত ছাড়ার নির্দেশ!

১৯ অক্টোবর ২০২৬ - ০৭:৩২ পূর্বাহ্ণ
 0
আমির খানের ভাগ্নেকে  ভারত ছাড়ার নির্দেশ!

ভারত ছাড়ার নির্দেশ, আদালতে ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। ভারতের অভিবাসন ও বিদেশি নাগরিকবিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগে আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশের কর্মকর্তারা এ তথ্য জানান।

ইমরান খান বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নেন তিনি। বিক্ষোভ চলাকালে পুলিশ তাকে কিছু সময়ের জন্য হেফাজতে নিয়েছিল বলেও জানিয়েছেন এক কর্মকর্তা।

ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মুম্বাইয়ের গামদেবী থানায় অভিযোগ করেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। তার অভিযোগ, বিদেশি নাগরিক হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে ইমরান খান ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা ওসিআই কার্ড-সংক্রান্ত বিধি এবং ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। এ কারণে তাকে আটক করে ভারত থেকে বহিষ্কারের দাবিও জানান তিনি।

কিরিট সোমাইয়া আরও দাবি করেন, ইমরান খান কয়েক দিন ধরে ভারতে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ বিষয়ে তিনি মুম্বাই বিমানবন্দরে অবস্থিত ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের অভিবাসন বিভাগেও অভিযোগ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।

পুলিশ জানিয়েছে, সোমাইয়ার অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কারণ, ইমরান খানের ওসিআই কার্ডের বৈধতা ও এ-সংক্রান্ত বিধিবিধান পর্যালোচনার দায়িত্ব সংশ্লিষ্ট অভিবাসন কর্তৃপক্ষের। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিদেশি নাগরিকদের ভারতে রাজনৈতিক বিক্ষোভ বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। সেই বিধি লঙ্ঘনের অভিযোগেই তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।

ওসিআই কার্ডধারীরা ভারতের নাগরিক নন। তবে নির্ধারিত শর্তে তারা ভারতে একাধিকবার প্রবেশের সুযোগসহ শিক্ষা, সম্পত্তি ও নির্দিষ্ট কিছু পেশাগত ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন। ইমরান খানের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে আরও প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এদিকে, ভারত ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত দেন, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।