কৃষি খাতে ১৪ হাজার কোটি টাকা বদলে যাবে কৃষির চিত্র!
কৃষি খাতে বড় উদ্যোগ, আসছে প্রায় ১৪ হাজার কোটি টাকার প্রকল্প
দেশের কৃষি খাতকে আরও আধুনিক, উৎপাদনশীল ও বাজারমুখী করতে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার প্রস্তুতি চলছে। বিশ্বব্যাংকের প্রস্তাবিত ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নে ‘বাংলাদেশ অ্যাগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ বা বিএপি নামে এ প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে। এর আওতায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে সমন্বিত কাঠামোর মধ্যে এনে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ বাড়ানোর উদ্যোগ রয়েছে। পাশাপাশি কৃষিসেবা ডিজিটাল করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কৃষিপণ্যের সরবরাহব্যবস্থা আরও স্বচ্ছ করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদানে ৩৫০ মিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উৎপাদনশীল অংশীদারি গড়ে তুলতে ২২৫ মিলিয়ন, কৃষিসেবায় ডিজিটাল অবকাঠামো উন্নয়নে ৭৫ মিলিয়ন, খাদ্য নিরাপত্তা ও পণ্যের অনুসরণযোগ্যতা নিশ্চিত করতে ৩০ মিলিয়ন এবং প্রকল্প ব্যবস্থাপনা ও সমন্বয় জোরদারে ২০ মিলিয়ন ডলার রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে ৩০০ মিলিয়ন এবং তৃতীয় পর্যায়ে ২৫০ মিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর প্রকল্প বাস্তবায়নে যুক্ত থাকতে পারে। তবে প্রকল্পটির অর্থায়ন, ব্যয়ের খাত ও কর্মপরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বব্যাংক ও সরকারের আলোচনার ভিত্তিতে প্রকল্পের আকার ও কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের মধ্যে বাজারসংযোগ বাড়ানো এবং কৃষি খাতকে আরও আধুনিক ও জলবায়ুসহিষ্ণু করার সুযোগ তৈরি হতে পারে।