ভূমিকম্প ঘিরে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে: ত্রাণমন্ত্রী
ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকা তৈরি করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা রাজধানী ঢাকাকে নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে সাময়িক আশ্রয়ের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪৫টি স্থানকে ‘আশ্রয়কেন্দ্র’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে দুর্গতদের দ্রুত এসব কেন্দ্রে সরিয়ে নেয়া হবে।
দুর্যোগ মোকাবিলায় কেবল উদ্ধারকারী দল নয়, সাধারণ মানুষের সচেতনতাকেও গুরুত্ব দিচ্ছে সরকার। মন্ত্রী বলেন, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকম্প সচেতনতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে এবং সঠিক পদক্ষেপ শেখাতে আমরা শিক্ষা কারিকুলামে ভূমিকম্পের বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করছি। ছোটবেলা থেকেই যেন নাগরিকরা দুর্যোগ সম্পর্কে সচেতন হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’