নেটফ্লিক্সে বড় ছাঁটাই চাকরি হারাচ্ছেন ১ হাজার কর্মী

১৫ অক্টোবর ২০২৬ - ০৯:৩৪ পূর্বাহ্ণ
 0
নেটফ্লিক্সে বড় ছাঁটাই চাকরি হারাচ্ছেন ১ হাজার কর্মী

নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ১ হাজার কর্মী
বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন বিনোদন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রায় এক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৬ শতাংশ চাকরি হারাতে পারেন, যা ২০২২ সালের পর নেটফ্লিক্সের সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।
বুধবার (১৪ অক্টোবর) কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান প্রতিষ্ঠানটির দুই প্রধান নির্বাহী গ্রেগ পিটার্স ও টেড সারানডোস। পণ্য উন্নয়ন, প্রযুক্তি, আইন ও মানবসম্পদ বিভাগে ছাঁটাইয়ের বড় অংশ হতে পারে বলে জানা গেছে।
দুই নির্বাহী জানিয়েছেন, দীর্ঘমেয়াদে ব্যবসার প্রবৃদ্ধি ধরে রাখতে কর্মী ও অর্থ ব্যয়ের ক্ষেত্রে আরও পরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধ হতে চায় নেটফ্লিক্স। তবে প্রতিষ্ঠানটির ব্যবসা এখনো শক্তিশালী রয়েছে এবং চলতি বছরের আর্থিক লক্ষ্য অর্জনের পথেই রয়েছে বলেও উল্লেখ করেন তারা।
২০২৫ সালের শেষ দিকে নেটফ্লিক্সে প্রায় ১৬ হাজার কর্মী কর্মরত ছিলেন। সেই হিসাবে এবারের ছাঁটাইয়ে প্রতি ১৬ জন কর্মীর মধ্যে প্রায় একজন চাকরি হারাতে পারেন।
অনলাইন বিনোদন জগতে প্রতিযোগিতা বাড়ার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্ম বিনামূল্যে ভিডিও দেখার সুযোগ দিয়ে দর্শকদের আকৃষ্ট করছে। একই সঙ্গে প্রচলিত বিনোদন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে।
এ পরিস্থিতিতে শুধু মাসিক সাবস্ক্রিপশন আয়ের ওপর নির্ভর না করে বিজ্ঞাপনযুক্ত কম খরচের সেবা, সরাসরি অনুষ্ঠান, খেলাধুলা ও গেমিং খাতে বিনিয়োগ বাড়াচ্ছে নেটফ্লিক্স।
এর আগে ২০২২ সালে দুই দফায় প্রায় ৪৫০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। এক দশকের বেশি সময় পর প্রথমবার গ্রাহকসংখ্যা কমে যাওয়ার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছরের শুরু থেকে নেটফ্লিক্সের শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বুধবার ছাঁটাইয়ের খবর প্রকাশের পর শেয়ারের দামে সামান্য বৃদ্ধি দেখা যায়।