শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই!
‘শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই’
বিয়ে না করেও মা হওয়া সম্ভব—এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। ৪৭ বছরে পা দিতে যাওয়া এই অভিনেত্রী জানিয়েছেন, এখন আর বিয়ে করার তাগিদ অনুভব করেন না। শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে না করার কারণ নিয়ে খোলামেলা কথা বলেন রাইমা। তিনি জানান, এই বয়সে এসে বিয়ে করার তাগিদ অনুভব করেন না। সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়া এবং সেই দায়িত্ব নিয়েও তার কিছুটা ভয় কাজ করে।
রাইমা বলেন, আগে তার মা মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতেন। তবে এখনকার পরিস্থিতি দেখে তিনিই বরং জোর করে বিয়ে না করার পরামর্শ দেন। ভবিষ্যতে একাকিত্ব অনুভব করলে সন্তান দত্তক নেওয়ার কথাও বলেছেন তার মা।
মা হওয়ার ইচ্ছা প্রসঙ্গে রাইমা জানান, তিনি শিশুদের খুব ভালোবাসেন। ভবিষ্যতে ইচ্ছা বদলাতে পারে—এমন চিন্তা থেকেই অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ বা এগ ফ্রিজ করিয়ে রেখেছেন তিনি।
তবে তার কাছে বিষয়টি পরিষ্কার—শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই।
এদিকে রাইমা অভিনীত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।