কৃষিতে বাংলাদেশের পাশে কানাডার নতুন উদ্যোগ

১৫ অক্টোবর ২০২৬ - ০৯:২৪ পূর্বাহ্ণ
 0
কৃষিতে বাংলাদেশের পাশে কানাডার নতুন উদ্যোগ

কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে কানাডা
বাংলাদেশের কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে আগ্রহী কানাডা। এ লক্ষ্যে কক্সবাজারে আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটি পরিদর্শন করেছে কানাডার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাই।
পরিদর্শনকালে বাংলাদেশের কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের ব্যবহার নিয়ে আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃষি প্রযুক্তি সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।
বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বাড়াতে কানাডার কৃষি উদ্ভাবনবিষয়ক সংস্থা বায়োএন্টারপ্রাইজ কানাডা এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটির মধ্যে বিশেষ অংশীদারত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সহযোগিতা বাস্তবায়িত হলে দেশের কৃষি উৎপাদনশীলতা বাড়ানো এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে।