মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর ব্যবস্থার আহ্বান রাষ্ট্রপতির

১৪ অক্টোবর ২০২৬ - ১২:০০ অপরাহ্ণ
 0
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর ব্যবস্থার আহ্বান রাষ্ট্রপতির

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে আশ্বাস দেন।

এ ছাড়া আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, সহকারী অধ্যাপক এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।