সাজেকে ফের সড়ক অবরোধ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে
সাজেকে ফের সড়ক অবরোধ, শুরু বৃহস্পতিবার ভোরে
রাঙামাটির সাজেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হবে।
সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে প্রশাসনের ব্যর্থতা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি। বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
বিবৃতিতে বলা হয়, ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হলেও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। এ কারণে আবারও সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত রোববার অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় সংগঠন দুটি। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল।
তবে নতুন কর্মসূচিতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।