এআই উদ্ভাবনে বিশ্বমঞ্চে বাংলাদেশ নেতৃত্বে ফারিয়া ইসলাম

১৪ অক্টোবর ২০২৬ - ১১:৪২ পূর্বাহ্ণ
 0
এআই উদ্ভাবনে বিশ্বমঞ্চে বাংলাদেশ  নেতৃত্বে ফারিয়া ইসলাম

জলবায়ু মোকাবিলায় বাংলাদেশি শিক্ষার্থীদের এআই উদ্ভাবন, আন্তর্জাতিক পুরস্কারের চূড়ান্ত পর্বে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পথে বাংলাদেশের দুই শিক্ষার্থী। তাদের তৈরি ‘ক্লাইমেট অ্যাকশন কোপাইলট’ প্রকল্পটি জায়গা করে নিয়েছে ‘এআই ফর ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’-এর চূড়ান্ত পর্বে। প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থী ফারিয়া ইসলাম। তাঁর সঙ্গে সহ-উদ্ভাবক হিসেবে রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান।
জলবায়ু পরিবর্তনের কারণে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি করবে এই এআই প্রযুক্তি।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসি, টেকনোলজি এক্সিকিউটিভ কমিটি এবং ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। জলবায়ু ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য কার্যকর প্রযুক্তিনির্ভর সমাধানকে উৎসাহিত করাই এর লক্ষ্য।
উদ্ভাবকদের তথ্য অনুযায়ী, ‘ক্লাইমেট অ্যাকশন কোপাইলট’ নদ-নদীর পানির উচ্চতা পরিমাপক স্টেশন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে পরবর্তী তিন দিনের পানির উচ্চতা সম্পর্কে পূর্বাভাস দিতে পারে। এর মাধ্যমে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়া সহজ হবে।
চূড়ান্ত পর্বে বাংলাদেশের এই প্রকল্পকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে ইন্দোনেশিয়া, তানজানিয়া ও মালির উদ্ভাবনী প্রকল্পগুলোর সঙ্গে। কম্বোডিয়ায় আয়োজিত এআই ফর ক্লাইমেট অ্যাকশন ফোরামে সেরা পাঁচ প্রকল্পের উপস্থাপনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করার কথা রয়েছে।
বিজয়ী প্রকল্পটি আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রদর্শনের সুযোগ পাবে।
ফারিয়া ইসলাম জানিয়েছেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং বাংলাদেশের তরুণেরাও বৈশ্বিক জলবায়ু সমস্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করতে পারেন, তারই স্বীকৃতি।
প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন ইউল্যাবের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক নাসির উদ্দিন আহমেদ।