সেলফ-ড্রাইভিং টেসলার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

২৪ অক্টোবর ২০২৬ - ১০:৩০ পূর্বাহ্ণ
 0
সেলফ-ড্রাইভিং টেসলার  ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সেলফ-ড্রাইভিং মোডে টেসলার ধাক্কায় নিহত ৭১ বছরের বৃদ্ধ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ফুল সেলফ-ড্রাইভিং’ মোডে চলা টেসলা গাড়ির ধাক্কায় ৭১ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটির গতি ঘণ্টায় প্রায় ১১২ কিলোমিটার ছিল বলে জানা গেছে। পরে রাস্তায় পড়ে থাকা ওই বৃদ্ধকে আরেকটি গাড়িও চাপা দিয়ে চলে যায়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে ভালেহো এলাকায় ইন্টারস্টেট ৮০ মহাসড়কের একটি ইন্টারচেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন সান ফ্রান্সিসকোর ২৬ বছর বয়সী এক ব্যক্তি। তাঁর দাবি, দুর্ঘটনার সময় টেসলাটি স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স মোডে ছিল।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে, মহাসড়কের ডান পাশ থেকে সেন্ট্রাল ডিভাইডারের দিকে যাওয়ার সময় ওই পথচারী গাড়িটির সামনে চলে আসেন। ভিডিওতে দেখা যায়, তাঁকে বাঁচাতে টেসলাটি বাম দিকে মোড় নেওয়ার চেষ্টা করে এবং ব্রেক করা হয়। তারপরও গাড়িটির সামনের ডান অংশে তাঁর আঘাত লাগে। পরে আরেকটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। দ্বিতীয় গাড়িটির চালক থেমেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স চালু থাকলেও গাড়ি নিরাপদে চালানোর দায়িত্ব চালকের ওপরই থাকে। এর আগেও টেসলার চালক-সহায়ক প্রযুক্তি ব্যবহারের সময় প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় ড্রাইভিং-সহায়ক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। টেসলার নির্দেশনাতেও চালকদের স্টিয়ারিংয়ে হাত রাখা এবং যেকোনো মুহূর্তে গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।